• ৭ অগ্রহায়ণ ১৪৩৩, বৃহস্পতি ২৬ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

1st Phase

দেশ

উত্তরপ্রদেশ বিধানসভার প্রথম পর্যায়ের নির্বাচনে ভোট পড়ল ৬০ শতাংশের বেশি

বৃহস্পতিবার প্রায় শান্তিতেই উত্তরপ্রদেশ বিধানসভার প্রথম পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। বেলা এগারোটা অবধি ভোটের হার ছিল ২০.০৩ শতাংশ, দুপুর একটায় ভোটের হার পৌঁছেছে ৩৫.০৩ শতাংশে। সকাল সাতটা থেকে পশ্চিমাঞ্চলীয় উত্তরপ্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রথম দফায় উত্তরপ্রদেশের যে জেলাগুলিতে ভোটগ্রহণ হচ্ছে সেই জেলা গুলি হল-শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, মুজফফরনগর, মেরঠ, বাঘপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, মথুরা ও আগ্রা। ২০১৭ সালের নির্বাচনে এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি।নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের মোট ভোট পড়েছে ৫৯.৮৭ শতাংশ। সর্বাধিক ভোট হয়েছে শামলিতে ৬৬.১৪ শতাংশ, তারপরে মুজাফফরনগর এবং মথুরায় যথাক্রমে ৬৫.৩২ শতাংশ ৬২.৯০ শতাংশ। গৌতম বুদ্ধ নগরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট পর্যন্ত মাত্র ৫৪.৩৮ শতাংশ ভোটারের খবর পাওয়া গেছে। গৌতম বুদ্ধ নগর ব্যতীত সবচেয়ে কম রিপোর্ট করা ভোটার উপস্থিত জেলাগুলি হল গাজিয়াবাদ, মিরাট, আগ্রা যথাক্রমে ৫২.৪৩ শতাংশ, ৬০ শতাংশ এবং ৬০.২৩ শতাংশ৷২০১৭ সালের নির্বাচনে এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি দুটি করে আসনে জিতেছিল। আরএলডি জিতেছিল একটি আসনে। হাপুর হোক অথবা আলিগড় সকাল সকাল ১১টি জেলার বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফেব্রুয়ারি ১০, ২০২২
দেশ

যোগী রাজ্যের মসনদ দখলে লড়াই শুরু হল আজ

আজ থেকেই শুরু হল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সাত দফার এই নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব আজ । মোট ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের যাবতীয় কোভিড বিধি মেনেই সকাল ৭টা থেকে এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে ৬টা অবধি।প্রথম দফার ৫৮ টি কেন্দ্রের মধ্যে ৯ টি সংরক্ষিত। ৩৭ টি কেন্দ্র রয়েছে জাট অধ্যুষিত পশ্চিম উত্তরপ্রদেশে। বাকি ২১ টি বিধানসভা কেন্দ্র দোয়াব অঞ্চলের মধ্যে পড়ছে। প্রথম দফার নির্বাচনে যে কেন্দ্রগুলি বিশেষ উল্লেখযোগ্য, সেগুলি হল শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা। মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম দফার নির্বাচনে। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টির। এছাড়াও কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোক দল, শিবসেনাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।কনকনে ঠাণ্ডার মধ্যেও ভোট কেন্দ্রে হাজির ভোটাররা। সকাল থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও, হাড় কাঁপুনি ঠাণ্ডাকে উপেক্ষা করেই বিভিন্ন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ভোটাররা।

ফেব্রুয়ারি ১০, ২০২২
দেশ

প্রথম দফার ২৬টি আসনই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী অমিত শাহ

ভোটের ফল বেরনোর কথা ২ মে। কিন্তু অমিত শাহ ততদিন অপেক্ষা করতে রাজি নন। প্রথম দফার ভোটের পরের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একপ্রকার ফলাফল ঘোষণা করে দিলেন। দিল্লিতে ঘটা করে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টি আসনেই জিতবে গেরুয়া শিবির। শাহর দাবি, বিজেপি নিজেদের পূর্ব নির্ধারিত ২০০ আসনের টার্গেট পূরণ করতে চলেছে। আর প্রথম দফা ভোটের পরই সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে। গতকাল রাজ্যের ৩০ আসনের নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে গিয়েছিল ভোটের হার। গতবারের তুলনায় ভোট পড়েছে অনেকটাই বেশি। ৫ জেলায় ভোট পড়েছিল প্রায় ৮৮ শতাংশ। সাধারণত বেশি ভোটের হার প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত দেয়। তিনি বলছেন, দলের কর্মী এবং সমর্থকদের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত আমরা ২৬টির বেশি আসন পাচ্ছি। আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য। শাহ বলছেন, বাংলায় যেভাবে নির্বিঘ্নে ভোট হয়েছে, সেটাই ইঙ্গিত করছে বিজেপি ২০০ আসনের টার্গেট পূরণ হতে চলেছে। তিনি বলছেন, বাংলার মহিলাদের আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমাদের ভোট দেওয়ার জন্য। বাংলায় আমরা দুশোর বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবার নজর দিচ্ছেন নন্দীগ্রাম কেন্দ্রে। তাঁর কথায়, বাংলার ভাগ্য এখন নন্দীগ্রামের হাতে। নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলায় পরিবর্তন হবে। যদিও তৃণমূলের দাবি, বাংলায় এই ধরনের কোনও মাইন্ড গেম কাজ করবে না। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন পালটা শাহকে আক্রমণ শানিয়ে বলছেন, আপনার মাইন্ড গেম গুজরাতের জিমখানায় ফেলে আসুন। এটা বাংলা, এখানে এই ধরনের পূর্বাভাস চলবে না।

মার্চ ২৮, ২০২১
রাজ্য

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই প্রথম দফায় পড়ল রেকর্ড ভোট

কয়েক মাসের প্রস্তুতির পর আজ শনিবার শুরু হয়ে গেল বাংলা দখলের লড়াই। ৮ দফার মধ্যে প্রথম দফায় রাজ্যের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ৩০ আসনে ভোটগ্রহণ হয়ে গেল। এর মধ্যে ঝাড়গ্রামের ৪টি এবং পুরুলিয়ার ৯টির সব কটিতেই আজ ভোট গ্রহণ হয়। বাকি তিন জেলার বাকি আসনে দ্বিতীয় দফায় আগামী ১ এপ্রিল ভোট হবে। মোতায়েন ছিল ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইভিএমে বন্দি হল ১৯১ জন প্রার্থীর ভাগ্য। বিক্ষিপ্ত সংঘর্ষ, অভিযোগ পালটা অভিযোগের মধ্যে মোটের উপর নির্বিঘ্নে শেষ হল প্রথম দফা। রাজ্যের যুযুধান মূল ২ পক্ষই একাধিক ইস্যুতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। তবে শাসক-বিরোধী ২ পক্ষই এই ৩০ আসনে ভাল ফল করার আশা প্রকাশ করেছে।সকাল ৭টা থেকে নিয়ম মেনে শুরু হয় ভোটগ্রহণ। তবে ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন জায়গায় প্রায় ৯০ টি ইভিএম বিভ্রাটের খবর মেলে। পরে সেগুলি বদল করে ভোট গ্রহণ শুরু হয়।বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া সার্বিকভাবে ভোট পড়েছে ৭৭.৯৯ শতাংশ। পশ্চিম মেদিনীপুরের ভোট পড়েছে ৮০.১২ শতাংশ, ঝাড়গ্রামে ভোট পড়েছে ৮১.৫০ শতাংশ, পুরুলিয়ায় ৭৭.১৩ শতাংশ, বাঁকুড়ায় ভোট পড়েছে ৭৯.৯০ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে বাংলা দখলের ভরকেন্দ্র হয়ে ওঠা পূর্ব মেদিনীপুরে, ৮২.৪২ শতাংশ। এবারের ভোট নিয়ে পূর্ব মেদিনীপুরে শুরু থেকেই স্নায়ুর যুদ্ধ চলছিল। তারই বহিপ্রকাশ হল শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা সৌমেন্দুর গাড়িতে হামলা দিয়ে। কাঁথিতে তাঁর গড়েই সৌমেন্দুর গাড়ির কাচ ভাঙা হয়, তাঁর গাড়ির ড্রাইভারকেও মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কমিশনের অভিযোগও জানিয়েছে বিজেপি। ভোটের দিন সকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে উদ্ধার হয় বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও জেলা শাসক রিপোর্ট দিয়েছে এই মৃত্যুর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। বিক্ষিপ্ত সংঘর্ষ গন্ডগোল হয়েছে গড়বেতাতেও। সেখানে নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়েন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। গড়বেতার আঁধারনয়ন স্কুলে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এমনকী, জুতোও দেখানো হয় বলেও অভিযোগ। পুলিশ ধাওয়া করে কয়েক জন অভিযুক্তকে ধরে বলে জানা গিয়েছে। এছাড়া বাঁকুড়ার ছাতনা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশিস বটব্যালকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাগজুরি বুথে বাধা পেয়ে জওয়ানদের সঙ্গে বচসা তাঁর। এদিকে দাঁতনের মোহনপুরে পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। সেখানে ৪ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠি চার্জ করে। এলাকায় পৌঁছে যায় পুলিশ বাহিনীও। শালবনির আমলাশোলের বনকাটা এলাকায় সংঘর্ষে জড়ায় সিপিএম-বিজেপি কর্মী সমর্থকরা। জখম হন ২ বাম কর্মী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেশিয়ারির কশিদা বুথে সক্রিয় বিজেপি কর্মী শক্তিপদ বেরাকে মারধর। কাঠগড়ায় তৃণমূল। এমনকী, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুরুলিয়ার ১২৭ নং বুথের বিজেপি কর্মীকে গুলি করার হুঁশিয়ারি পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় রিপোর্ট চেয়েছে কমিশন। নন্দীগ্রামের বয়ালে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ, জখম বেশ কয়েকজন। প্রতিবাদে মহিলারা পথে নেমে বিক্ষোভ দেখান। সংঘর্ষ ছাড়াও ইভিএম কারচুপি, বুথ জ্যামের অভিযোগও উঠেছে কোথাও কোথাও। কাঁথি দক্ষিণ কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসা বুথে অভিযোগ ওঠে তৃণমূলে ভোট দিলেও তা যাচ্ছে বিজেপির প্রতীকেই। ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ভোটারদের। প্রায় দেড় ঘণ্টা পর ইভিএম পালটে নতুন করে শুরু হয় ভোটগ্রহণ। বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও। পুরুলিয়ার একটি বুথেও একই অভিযোগ ওঠে। রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। পরে কমিশন ইভিএম কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছে। সকালে ইভিএম বিভ্রাটের জেরে পুরুলিয়ার মানবাজার বিধানসভার পুঞ্চাতেও ভোট শুরুর নির্ধারিত সময়ের প্রায় দু ঘন্টা পর ভোটগ্রহণ শুরু হয়। এদিকে বিভিন্ন দাবি নিয়ে ছাতনার ২টি এবং রানিবাঁধের একটি বুথে ভোট বয়কট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিন প্রথমে বিজেপি এবং পরে তৃণমূলের প্রতিনিধি দল যায় রাজ্য নির্বাচন কমিশনে। সেখানে একাধিক ইস্যুতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানায়।

মার্চ ২৭, ২০২১
রাজ্য

প্রথম দফায় ভোটারদের উদ্দেশ্যে টুইট প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গ নির্বাচনের প্রথম দিনের সকালে বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । বাংলার ভোটারদের উদ্দেশে তাঁর আর্জি, রেকর্ড সংখ্যায় ভোট দিন। গণতন্ত্রের উৎসবে শামিল হন। তবে, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া প্রোটোকল মেনে আলাদা করে কোনও দলের হয়ে ভোট চাননি মোদি।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই। Narendra Modi (@narendramodi) March 27, 2021শনিবার রাজ্যের ৫ জেলার ৩০ আসনে চলছে ভোটগ্রহণ। পুরুলিয়ার ৯, পূর্ব মেদিনীপুরের ৭, পশ্চিম মেদিনীপুরের ৬, বাঁকুড়ার ৪ এবং ঝাড়গ্রামের চার আসনে সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। সকাল থেকে রাজ্যের বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। জঙ্গলমহল এলাকায় ভোট হওয়া সত্ত্বেও ভোটের আগে সন্ত্রাসের কোনও আবহ তৈরি হয়নি। এমনকী, বিগত বছরগুলিতে যেভাবে ভোট বয়কটের হুমকি দেওয়া হত, সেটাও এবার নেই। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে মরিয়া কমিশন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন সাতসকালে ভোটারদের উদ্দেশে রেকর্ড সংখ্যায় গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিন ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বাংলায় টুইট করেন মোদি। তিনি বলেন,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই। মোদির পাশাপাশি বাংলায় টুইট করে ভোটদানে অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও।আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে। Amit Shah (@AmitShah) March 27, 2021মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে ভোটারদের উদ্দেশে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আরজি জানিয়েছেন। শনিবার সকালে তাঁর টুইট, বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers. Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021

মার্চ ২৭, ২০২১
রাজনীতি

আজ প্রথম দফার ভোট, দেখে নিন কোথায় ক'টি আসনে হচ্ছে ভোট

কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গলমহলের ৩০টি আসনে হতে চলেছে প্রথম দফার নির্বাচন।পূর্ব মেদিনীপুরমোট আসন: ১৬ | কত আসনে ভোট: ৭কোন আসনে ভোটপটাশপুর , কাঁথি উত্তর , ভগবানপুর , খেজুরি , কাঁথি দক্ষিণ , রামনগর , এগরাপশ্চিম মেদিনীপুরমোট আসন: ১৫ | কত আসনে ভোট: ৬কোন আসনে ভোটদাঁতন , কেশিয়াড়ি , খড়্গপুর , গড়বেতা , শালবনি , মেদিনীপুরবাঁকুড়ামোট আসন: ১২ | কত আসনে ভোট: ৪কোন আসনে ভোটরাইপুর , রানিবাঁধ , ছাতনা , শালতোড়াপুরুলিয়ামোট আসন: ৯ | কত আসনে ভোট: ৯কোন আসনে ভোটরঘুনাথপুর , পারা , কাশীপুর , মানবাজার , পুরুলিয়া , জয়পুর , বাঘমুন্ডি , বান্দোয়ান , বলরামপুরঝাড়গ্রামমোট আসন: ৪ | কত আসনে ভোট: ৪কোন আসনে ভোটনয়াগ্রাম , গোপীবল্লভপুর , ঝাড়গ্রাম , বিনপুর

মার্চ ২৭, ২০২১
রাজনীতি

প্রথম দফার ভোটে প্রার্থীদের তালিকায় আধিক্য কোটিপতি ও লাখপতিদের

হাতে মাত্র আর একটা দিন, তারপরই শুরু হয়ে যাবে একুশের হাইভোল্টেজ নির্বাচনী লড়াই। আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহলের মোট ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ভাগ্য পরীক্ষায় নামছেন নানা দলের মোট ১৯১ জন প্রার্থী। এইসব প্রার্থীদের আর্থিক দশা কেমন, কোন দলের প্রার্থীরা কতটা ধনী, কারাই বা আর্থিকভাবে দুর্বল। ভোটপ্রার্থীদের সম্পত্তির খতিয়ান সর্বদাই মুখরোচক বিষয় আম জনতার জন্য। রাজনৈতিক দলের নেতারা হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব জানতে চান অনেকেই। এতে কোনও ভুল নেই। দেখা গিয়েছে, প্রথম দফার ভোটে নিজেদের ভার্গ নির্ধারণ করতে নামা এইসব প্রার্থীদের তালিকায় কোটিপতির ছড়াছড়ি। এ মধ্যে কিছু লাখপতিও রয়েছেন। আসুন দেখে নেওয়া যাক ঠিক কতজন প্রার্থী কোটিপতি ও লাখপতি। তালিকায় কোটিপতিদের ছড়াছড়িসম্পত্তির পরিমাণ ২ কোটি থেকে তার বেশি, প্রথম দফার প্রার্থী তালিকায় এমন সাত জন প্রার্থীর নাম রয়েছে। যা মোট প্রার্থীর ৪ শতাংশ। এর পরের ধাপে ৫০ রয়েছেন তাঁরা যাদের সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ থেকে ২ কোটি। প্রথম দফায় এমন প্রার্থী রয়েছেন ৪০ জন। যা মোট প্রার্থীদের ২১ শতাংশ।লাখপতিদের আধিক্যই বেশিকোটিপতিদের থেকে নজর ঘোরালে দেখা যাবে, এই তালিকায় লাখপতিদের সংখ্যাই সর্বাধিক। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ, প্রথম দফায় এমন প্রার্থী রয়েছেন ৬৯ জন। যা মোট প্রার্থীর ৩৬ শতাংশ।অন্যদিকে, আর্থিকভাবে তুলনায় কম ধনীর তালিকায় রয়েছে ৭৫ জন প্রার্থী। এদের সকলের স্থাবর এ অস্থাবর সম্পত্তির মিলিত পরিমাণ ১০ লক্ষ টাকার কম। মোট প্রার্থীদের মধ্যে এদের হার ৩৯ শতাংশ।

মার্চ ২৫, ২০২১
রাজনীতি

নন্দীগ্রামে লড়াই মমতা বনাম শুভেন্দু

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারীই। শনিবার প্রার্থিতালিকা ঘোষণা করে এমনটা্ই জানিয়ে দিল বিজেপি। শুভেন্দু বিজেপি-তে যোগ দেওয়ার পরেই আলোচনার কেন্দ্রে ছিল নন্দীগ্রাম। যে জমি আন্দোলন থেকে উত্থান মমতার, সেখানে একসময় তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন শুভেন্দু। পরবর্তী সময়ে শুভেন্দু এবং অধিকারী পরিবারের গড় হয়ে ওঠে নন্দীগ্রাম। তাই সেখানে জমির দখল টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূল এবং মমতার কাছে। তাই ফেব্রুয়ারি মাসে তেখালির মাঠে দাঁড়িয়ে নন্দীগ্রাম থেকে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দেন মমতা।মমতার এই ঘোষণায় স্বভাবতই হইচই পড়ে যায় বিজেপি-র অন্দরে। নন্দীগ্রামকে পাখির চোখ করলেও, তখনও সেখানে কাকে নামানো হবে, তখনও তা ভেবে উঠতে পারেননি গেরুয়া নেতৃত্ব। তবে মমতার ঘোষণার পর থেকেই শুভেন্দুকে সেখানে তৃণমূল দলনেত্রীর বিরুদ্ধে নামানোর দাবি জোরালো হয়ে উঠতে শুরু করে। তার নেপথ্যে শুভেন্দুর ভূমিকাও কম ছিল না। নিজে নন্দীগ্রামে প্রার্থী হতে চান কি না, স্পষ্ট না করলেও, মমতাকে নন্দীগ্রামে ৫০ হাজার ভোটে হারিয়ে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিতে শুরু করেন তিনি। এমনকি নন্দীগ্রাম থেকে ভোটে লড়লে, শুধু নন্দীগ্রাম থেকেই মমতাকে লড়তে হবে, মুখরক্ষার জন্য ভবানীপুরকে হাতে রাখা চলবে না বলেও সুর চড়াতে শুরু করেন তিনি। বিজেপির অন্য নেতারাও তাতে গলা মেলান।এখনও পর্যন্ত যে তালিকা পাওয়া গিয়েছে, তা থেকে জানা গিয়েছে বিনপুরে বিজেপির প্রার্থী হচ্ছেন পালন সোরেন। দাঁতনে প্রার্থী হচ্ছেন শক্তিপদ নায়েক। নয়াগ্রামে প্রার্থী হচ্ছেন বকুল মুর্মু। গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাত। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী সুখময় শতপতি। কেশিয়ারিতে বিজেপির প্রার্থী সোনালি মুর্মু। খড়গপুরে বিজেপির প্রার্থী তপন ভুঁইয়া। গড়বেতায় বিজেপির প্রার্থী মদন রুইদাস, শালবনিতে রাজীব কুণ্ডু। বিষ্ণপুরে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ, ইন্দাস থেকে বিজেপি প্রার্থী নির্মল ধাড়া। হলদিয়ায় বিজেপির প্রার্থী তাপসী মণ্ডল। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সবংয়ে বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তমলুকে বিজেপির প্রার্থী হরেকৃষ্ণ বেরা। ময়নায় বিজেপির প্রার্থী অশোক ডিন্ডা। নন্দকুমারে বিজেপির প্রার্থী নীলাঞ্জন অধিকারী।

মার্চ ০৬, ২০২১

ট্রেন্ডিং

রাজ্য

রেখা পাত্রের শরীরে কী ভাবে ঢুকল বিষ? ‘গভীর ষড়যন্ত্র’, বিস্ফোরক অভিযোগ দিদির, পাল্টা শ্বশুর-শাশুড়ি

রাজনৈতিক শত্রুতা, না কি পারিবারিক বিবাদ? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কী ভাবে বিষাক্ত কীটনাশক ঢুকল, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে। এক দিকে, ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দিদি রেবা নস্কর। অন্য দিকে, রেখার শ্বশুর ও শাশুড়ির অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেন না তিনি। এমনকি রেখার স্বামী সন্দীপ পাত্রকে মারধর করানোর অভিযোগও তুলেছেন তাঁর শ্বশুর। সব মিলিয়ে রেখার অসুস্থতাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর বলেন, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা দরকার। তবে সেই ষড়যন্ত্রে কারা জড়িত, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। দলের কেউ, না কি পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত, তা নিয়েও কোনও মন্তব্য করেননি রেবা। অন্য দিকে, হাসপাতালে রেখাকে দেখতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।তবে সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র একের পর এক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভোটের পর থেকে রেখা আর শ্বশুরবাড়িতে থাকেন না। সন্দেশখালির আন্দোলনের সময় পরিবারের সবাই তাঁর পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে আর তাঁদের কোনও খোঁজখবর নেন না রেখা।ধীরেনের আরও অভিযোগ, তাঁর ছেলে সন্দীপকে রেখার দিদি ও জামাইবাবুকে দিয়ে মারধর করানো হয়েছিল। এখন তাঁরাই রেখার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন বলে দাবি করেন তিনি। পাশে বসে রেখার শাশুড়ি অনুপমা পাত্রও একই অভিযোগ করেন। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই রেখা তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন, সেই খবর নেওয়ারও প্রয়োজন মনে করেন না বিধায়ক।অন্য দিকে, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন রেখা। কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে কথা বলছেন বিধায়ক। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হলে হাত নেড়ে সম্মতি জানান। এ দিন তাঁর আবার সিটি স্ক্যান করা হয়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।সন্দেশখালির আন্দোলনের মুখ হিসাবেই প্রথম পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। সেই সময় তিনি হিঙ্গলগঞ্জের লেবুখালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।শনিবার রাতে গুরুতর বিষক্রিয়ার কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা প্রথমে বেশ সংকটজনক ছিল। কী ভাবে তাঁর শরীরে বিষাক্ত পদার্থ ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।রেবা নস্কর জানিয়েছেন, তিনি সব সময় বোনের সঙ্গে থাকেন। তাই কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। তবে এখন রেখার শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। সকালে বোনের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে জানান রেবা।বাড়িতে ঘাস মারার কীটনাশক ছিল কি না, সেই প্রশ্নের উত্তরে রেবা বলেন, এমন কোনও কীটনাশক বাড়িতে ছিল বলে তাঁর মনে পড়ছে না। এর পরেই ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন তিনি। রেবার দাবি, রেখা খুব স্পষ্ট কথা বলেন। তাঁর কোনও কথায় কেউ রেগে গিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও নিশ্চিত ভাবে কাউকে দায়ী করেননি তিনি।গত কয়েক দিন ধরে রেখার লেবুখালির ভাড়া বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার অথবা ঘাস মারার কীটনাশক খাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক কোন পদার্থের কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সন্দেশখালির আর এক প্রতিবাদী মুখ পিয়ালী দাসও রেখার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নভেম্বর ২৫, ২০২৬
কলকাতা

সুজিত বসুর পর এবার শ্যালককে তলব সিবিআইয়ের! চাকরি পাইয়ে দেওয়ার নেপথ্যে কী দুর্নীতি?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্যালক। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা। তদন্তকারী সংস্থার দাবি, শ্যালকের মাধ্যমে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সুজিত। শুধু তাই নয়, বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। এই মামলার তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েক দিন আগে জেলে গিয়ে সুজিতকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করা হল।তদন্তকারীদের অভিযোগ, সুজিতের শ্যালককে শুধু দুর্নীতির কাজে ব্যবহার করা হয়নি, তাঁকেও বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। কী ভাবে এই নিয়োগ হয়েছিল, দুর্নীতির মাধ্যমে সুজিত কী কী সুবিধা পেয়েছিলেন এবং গোটা ঘটনায় তাঁর শ্যালকের ভূমিকা কী ছিল, তা জানতে চান তদন্তকারীরা।সিবিআই সূত্রে খবর, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে এখনও সন্তুষ্ট নন তদন্তকারীরা। তাই তাঁকে ফের জেরা করা হতে পারে। এর আগে এই মামলায় সুজিতের পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করায় তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ এপ্রিল তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি সময় চেয়েছিলেন। সেই সময় হাজিরা এড়াতে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।ভোটপর্ব শেষ হওয়ার পর ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন সুজিত। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে যান তিনি। এর পর ১১ মে তাঁকে ফের তলব করা হয়। সেই দিনই গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকেরা। তার পর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন মন্ত্রী।তদন্ত যত এগিয়েছে, সুজিতের বিরুদ্ধে অভিযোগের তালিকাও তত বেড়েছে। পুর নিয়োগ দুর্নীতির পাশাপাশি একাধিক আর্থিক অনিয়ম এবং তাঁর ছেলের রেস্তরাঁয় বেআইনি কাজের অভিযোগও সামনে এসেছে।তদন্তকারীদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অন্তত ৩৪০ জনের কাছ থেকে গড়ে প্রায় ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন সুজিত। তাঁদের মধ্যে ২৮৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগও উঠেছে। ইডির দাবি, গোটা রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। এ বার সেই মামলায় সুজিতের শ্যালককে জিজ্ঞাসাবাদ করে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর তদন্তকারীদের।

নভেম্বর ২৫, ২০২৬
রাজ্য

রাতারাতি ৩ ডিগ্রি নামল পারদ! সপ্তাহান্তে আরও কাঁপবে কলকাতা, কী বলছে হাওয়া অফিস?

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বদলে গেল বাংলার আবহাওয়া। আকাশ এখন অনেকটাই পরিষ্কার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। তার জেরে দ্রুত নামছে রাতের তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। সপ্তাহান্তে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বাড়ছে শীতের আমেজ। উত্তরবঙ্গেও অনুভূত হচ্ছে উত্তুরে হাওয়ার দাপট।বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ থেকে ৯৭ শতাংশ। বুধবার সকাল থেকেই শহরে হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে। বইছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামতে পারে।দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও কমছে রাতের তাপমাত্রা। শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নেমে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সকালে ও রাতে শীতের আমেজ বাড়লেও দিনের বেলায় তেমন ঠান্ডা অনুভূত নাও হতে পারে।উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। পাহাড়ি এলাকাগুলিতে সকালের দিকে ঠান্ডা বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায় সকালে কুয়াশার দাপট বাড়তে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। ফলে ভোরের দিকে যাতায়াতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেটি ধীরে ধীরে অসমের দিকে সরে যাচ্ছে। ঘূর্ণাবর্তের প্রভাব কমতেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে।

নভেম্বর ২৫, ২০২৬
কলকাতা

‘মমতার তৃণমূল শেষ, ঋতব্রতদের দল চলছে শুভেন্দুর দয়ায়’, মন্ত্রীর মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের

তৃণমূল কংগ্রেসের আর কোনও অস্তিত্ব নেই! এখন লড়াই মূলত বামপন্থীদের সঙ্গেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও চলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদে। তিনি হাত তুলে নিলেই সেই দলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। একটি কর্মিসভায় এমনই মন্তব্য করতে শোনা গেল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে। তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট করে শতরূপ লিখেছেন, বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্যের কিছুটা অংশ তিনি ভাগ করে নিচ্ছেন। বক্তব্যটি শুনে তাঁর ভাল লেগেছে বলেও জানিয়েছেন সিপিএম নেতা। একই সঙ্গে সমাজমাধ্যমের ব্যবহারকারীদের কাছেও তাঁদের মতামত জানতে চেয়েছেন তিনি।শতরূপের পোস্ট করা ভিডিয়োয় শারদ্বতকে বলতে শোনা যাচ্ছে, তৃণমূলের একটি অংশ কার্যত শেষ হয়ে গিয়েছে। অন্য অংশটি চলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী যেদিন সেই আশীর্বাদের হাত সরিয়ে নেবেন, সেদিন ওই দলের অস্তিত্বও থাকবে না।মন্ত্রী আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন, তাঁরা চাইলে ২৮০টি আসনেই তাঁদের সমর্থনে ভোট পড়বে। তাঁর কথায়, সেই বক্তব্য মিথ্যা ছিল না। কারণ, তৃণমূলের একটি অংশের নেতাকর্মীরা এখন কার্যত মুখ্যমন্ত্রীর দয়া ও অনুগ্রহের উপর নির্ভরশীল।শুধু তাই নয়, তৃণমূল থেকে যাঁরা ধীরে ধীরে তাঁদের দলে যোগ দিচ্ছেন, তাঁরাও একই ভাবে তাঁদের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেন শারদ্বত। তাঁর মতে, এই বিষয়টিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।এর পরেই আসন্ন রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ তোলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, তৃণমূলকে হারানো বিজেপির কাছে খুব কঠিন কাজ নয়। একবার হারানো গিয়েছে, আবারও হারানো সম্ভব। তাঁর মতে, তৃণমূল এখন আর বড় রাজনৈতিক শক্তি নয়। বরং বিজেপির কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে বামপন্থী রাজনীতি এবং সিপিএম।শারদ্বতের বক্তব্য, বামেদের সংখ্যা কম হলেও তাঁদের সঙ্গেই এখন মূল লড়াই হবে। অর্থাৎ, তৃণমূলকে পিছনে ফেলে বামপন্থীদেরই আগামী দিনে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দেখছে বিজেপি, এমনই ইঙ্গিত মিলেছে তাঁর মন্তব্যে।শারদ্বতের এই বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ২৫, ২০২৬
রাশিফল

আজকের রাশিফল: বুধবার ২৫ নভেম্বর ২০২৬, আপনার ভাগ্যে কি আছে জেনে নিন

আজ বুধবার। জানুন আপনার রাশি অনুযায়ী আপনার দিন কেমন যাবে?মেষ: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের কারও সঙ্গে মতের অমিল হলেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে।বৃষ: আজকের দিনটি আপনার জন্য বেশ অনুকূল হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।মিথুন: কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।কর্কট: আজ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। ব্যবসায় আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। তবে নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।সিংহ: আজ কিছু কাজে বাধার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। আর্থিক বিষয়ে ঝুঁকি না নেওয়াই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অযথা তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।কন্যা: কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক হতে পারে। আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোন। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে।তুলা: আজ নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। তবে অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।বৃশ্চিক: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায় লাভের সুযোগ এলেও সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক বিবেচনা করুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক জীবনে ছোটখাটো সমস্যা দেখা দিলেও তা মিটে যাবে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।ধনু: আজ কিছুটা সাবধানে চলতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। আর্থিক বিষয়ে অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে।মকর: কর্মক্ষেত্রে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে পুরনো কোনও সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। নিজের পরিকল্পনা গোপন রাখাই ভালো।কুম্ভ: আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। তবে অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করবেন না।মীন: আজকের দিনটি পারিবারিক ও ব্যক্তিগত জীবনের জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে। আর্থিক বিষয়ে কিছুটা স্বস্তি মিলতে পারে। পরিবারের বয়স্কদের পরামর্শ কাজে আসবে। প্রেমের সম্পর্কে আনন্দ ও বোঝাপড়া বজায় থাকবে।

নভেম্বর ২৫, ২০২৬
কলকাতা

প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু? ছ’বছর পর ফাঁস করলেন দলত্যাগের আসল কারণ!

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন শুভেন্দু অধিকারী? প্রায় ছবছর পর সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি নিজেই। তাঁর দাবি, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মঙ্গলবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন শুভেন্দু।২০২০ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূল ছাড়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু। সেই চিঠিতে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। লিখেছিলেন, দলের সদস্য হিসাবে যে মূল্যবান সময় কাটিয়েছেন, তা সারা জীবন মনে রাখবেন। তবে তাঁর দলত্যাগের সিদ্ধান্ত ঘিরে সেই সময় রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছিল।মঙ্গলবারের সাক্ষাৎকারে তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, তৃণমূল তখন কার্যত পিসি-ভাইপোর দল হয়ে উঠেছিল। তাঁর কথায়, দলটি অনেকটা বেসরকারি সংস্থার মতো চলত। সেখানে কর্মী হয়ে থাকতে চাননি বলেই তিনি বেরিয়ে এসেছিলেন। নিজের রাজনৈতিক জীবনে প্রণব মুখোপাধ্যায়কে অভিভাবক এবং প্রধান পরামর্শদাতা বলেও উল্লেখ করেন তিনি।শুভেন্দুর দাবি, প্রণব মুখোপাধ্যায় তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকার পরামর্শ দিয়েছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতি হওয়ার পর প্রণববাবুর সঙ্গে দেখা করতে রাইসিনা হিলসে গিয়েছিলেন তিনি। সেই সময় সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত হয়েছিলেন বলে জানান শুভেন্দু।সেই সাক্ষাতের কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, প্রণব মুখোপাধ্যায় তাঁকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। তাঁর কথায়, প্রণববাবু তাঁকে জানিয়েছিলেন, দলের কর্মী হিসাবে থাকতে চাইলে অভিষেকের সঙ্গে থাকতে হবে। আর নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকা উচিত। শুভেন্দুর দাবি, প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ ছিল একেবারেই স্পষ্ট।তবে এই বিষয়ে বেশি কিছু বলতে চাননি শুভেন্দু। তাঁর বক্তব্য, অতিরিক্ত কিছু বললে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পর ২০২০ সালের ডিসেম্বর মাসেই মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব বাড়ছিল। সেই সময় শুভেন্দুর দলত্যাগ বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। এবার প্রায় ছবছর পর সেই সিদ্ধান্তের নেপথ্যে প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শের কথা জানিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিলেন তিনি।

নভেম্বর ২৫, ২০২৬
বিনোদুনিয়া

হিজাব না পরে গান গাওয়ার শাস্তি! ইরানি গায়িকাকে ৭৪ ঘা চাবুক মারল সরকার

হিজাব না পরে মঞ্চে গান গাওয়ার অভিযোগে ইরানের গায়িকা পরাস্তু আহমেদিকে ৭৪ ঘা চাবুক মারার সাজা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাঁকেই নয়, তাঁর দলের সদস্যদেরও একই শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের উপর দুবছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সেই সময় নিজের ইউটিউব চ্যানেলে ২৭ মিনিটের একটি কনসার্টের ভিডিও প্রকাশ করেছিলেন পরাস্তু। সেই ভিডিওতে হিজাব ছাড়াই হাতকাটা পোশাকে চার জন পুরুষ শিল্পীর সঙ্গে মঞ্চে গান গাইতে দেখা যায় তাঁকে। ইরানের জনপ্রিয় দেশাত্মবোধক গান আজ খুনে জাভানানে ওয়াতান পরিবেশন করেছিলেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই হিজাব বিধি অমান্য করার অভিযোগ ওঠে গায়িকার বিরুদ্ধে।এর পর পরাস্তু এবং তাঁর দলের বিরুদ্ধে জনসমক্ষে হিজাব ছাড়া গান গাওয়া এবং ইরানের কর্তৃপক্ষের চোখে আপত্তিকর বিষয়বস্তু তৈরির অভিযোগ আনা হয়। ২০২৬ সালের জুন মাসে কোম শহরের একটি আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে। সেই রায়ের ভিত্তিতেই সোমবার ৭৪ ঘা চাবুক মারার সাজা কার্যকর করা হয়েছে বলে খবর।সাজা বাতিল বা কমানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরাস্তু ও তাঁর দলের সদস্যেরা। কিন্তু গত সেপ্টেম্বর মাসে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। পরাস্তুর আইনজীবী জানিয়েছেন, সাজা আটকানোর জন্য তাঁরা সব রকম চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।চাবুক মারার সাজা ছাড়াও পরাস্তু ও তাঁর দলের উপর আরও দুটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী দুবছর তাঁরা কোনও সাংস্কৃতিক বা সংশ্লিষ্ট কার্যকলাপে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে ইরান ছেড়ে বিদেশে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা থাকবে তাঁদের। হিজাব বিধি না মেনে গান গাওয়ার অভিযোগে এক গায়িকার উপর এমন শাস্তির ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

নভেম্বর ২৫, ২০২৬
বিনোদুনিয়া

শুটিং করতে গিয়ে হোটেলের ঘরে রহস্যমৃত্যু! প্রয়াত জনপ্রিয় অভিনেতা

শুটিং করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খানের। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৬ বছর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। অসুস্থ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রযোজনা সংস্থার তরফে সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নসিব ছবির শুটিংয়ের জন্য বগুড়ায় গিয়েছিলেন অভিনেতা। শুটিং ইউনিট সূত্রে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে তিনি সেখানে ছিলেন। বুধবার, ২৫ নভেম্বর তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।মঙ্গলবার সকালে মেকআপ নেওয়ার পর ইউনিটের এক সদস্য অভিনেতাকে ডাকতে তাঁর হোটেলের ঘরে যান। সেখানে বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সোহেল খানকে। অনেক ডাকাডাকি করেও তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এর পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। অভিনেতার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেছিলেন সোহেল খান। পরে রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ৪২০-তে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এর পর একের পর এক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে অভিনয় করেছেন। বড় পর্দাতেও তাঁর অভিনয় দর্শকদের মনে ছাপ ফেলেছিল। নয় নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপ, কমন জেন্ডার, বীর এবং শান-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে ছিল অভিনেতার বাড়ি। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বাংলাদেশের বিনোদন জগতে।

নভেম্বর ২৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal